বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১২ এপ্রিল :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে বিভিন্ন অপরাধে সাতটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ১ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে আজ বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামে পরিদর্শনমূলক অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ঢাকা মহানগরীর ফকিরাপুল বাজার ও এর আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে শামীম মহাজনের মাংসের দোকানকে বাটখারায় ওজন কম থাকায় ১ হাজার টাকা, অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিতরণের জন্য হালিম সুইটমিট রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও ক্যাফে মাওলাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক (উপ সচিব) জুবায়ের আহমদের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার মোড় ও বাটালী রোড এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ দুটি অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে দু’টিতে র্যাব, ডিএমপি ও সিএমপি সহায়তা করে।




