ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসার সম্মেলন

বিজনেসটাইমস২৪.কম
, ০৫ মে, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৫ মে :

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা দক্ষিণ ও উত্তর জোনের পল্লী উন্নয়ন প্রকল্পের ফিল্ড অফিসারদের সম্মেলন আজ  শনিবার ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার সকালে সম্মেলনের উদ্বোধন করেন। ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ইস্কান্দার আলী খান এবং অডিট কমিটির চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর সৈয়দ আবদুল্ল¬াহ মোহাম্মদ সালেহ, পল্লী উন্নয়ন প্রকল্পের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আশেক আহমেদ জেবাল, ঢাকা উত্তর জোনপ্রধান মোঃ কবির হোসেন এবং দক্ষিণ জোনপ্রধান মোঃ মোহন মিয়াসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অধ্যাপক আবু নাসের মোহাম্মাদ আবদুজ জাহের প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্যই ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্প চালু করেছে। শুধুমাত্র অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য এ ব্যাংক কাজ করেনা। দেশের দরিদ্র মানুষকে ভালোবেসে তাদের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করার জন্য এবং মানুষের কল্যাণের জন্য এ ব্যাংক কাজ করছে। তিনি বলেন, এদেশের মানুষ তাদের কল্যাণকে বৃদ্ধির জন্য ইসলামী ব্যাংককে ভালবাসে এবং এ ব্যাংকের সেবা পেতে চায়। মানুষের এই ভালবাসাকে ধরে রাখতে পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পারিবারিক শান্তি শৃঙ্খলা, ছেলে-মেয়দের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নসহ সকল বিষয়ে তাদের হাত ধরে সামনে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তি মজবুত হলে বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে।  তিনি আরো বলেন, ধনী দরিদ্রের আর্থিক ব্যবধান কমিয়ে আনার জন্য আমরা কাজ করছি। এ কাজকে জীবনের মিশন হিসেবে গ্রহণ না করলে আমরা সফল হতে পারব না। দেশকে সমৃদ্ধ করতে এবং শান্তিপূর্ণ সমাজ গড়তে নিজেদের দায়িত্ব যথাযথ পালন করার জন্য তিনি পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইসলামী ব্যাংক এদেশের মানুষের জন্য আল্লাহর দেয়া নেয়ামত। এ ব্যাংক মানুষের ভালবাসায় এবং আল্লাহর মেহেরবানীতে সকল দিক থেকে এক নম্বর ব্যাংকের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে। ব্যাংকের এ অবস্থানকে ধরে রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকে পল্লী এলাকার দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে ১৩ হাজার গ্রামে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশের প্রতিটি গ্রামে এ প্রকল্পের কাজ সম্প্রসারিত করার জন্য ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, যারা এ প্রকল্পে কাজ করছে তারা ব্যাংকের অগ্রসেনানীর ভূমিকা পালন করছে। ইঞ্জিনিয়ার মোঃ ইস্কান্দার আলী খান বলেন, দারিদ্র্য বিমোচনে ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগ আরো বাড়াতে হবে। বিশ্বের দরবারে নিজেদের অবস্থান তুলে ধরার জন্য জ্ঞানের আলোয় সজ্জিত হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
মোঃ শহিদুল ইসলাম বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছে। কোন পুরস্কারের আশায় কাজ না করে শুধুমাত্র দারিদ্র্য বিমোচনে ও মানুষের কল্যাণে নিরলস কাজ করার জন্য তিনি পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। মোহাম্মদ আবদুল মান্নান সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংককে জনগণের সাথে সম্পৃক্ত করার কাজ করছে পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মীরা। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ইসলামী ব্যংকিং সেবা প্রদানের মাধ্যমে ইসলামী ব্যাংকের উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার জন্য আহ্বান জানান।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*