বিজনেসটাইমস২৪.কম
যশোর, ১০ মে :
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টমসে লোকবলসংকটে কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তারা জানান, লোকবলসংকটের অজুহাতে কাস্টমস কর্তৃপক্ষ ব্যবসায়ীদের হয়রানি করছে। ফলে আমদানি-রফতানির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তবে কাস্টমস কর্তৃপক্ষ এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।
বেনাপোল কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, সেখানে অতিরিক্ত কাস্টমস কমিশনারের দুটি পদসহ মোট ১৫২টি পদ দীর্ঘদিন ধরে খালি। বেনাপোল কাস্টমসে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে ৩৩৯টি। বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৮৭ জন। শূন্য পদগুলোর মধ্যে রয়েছে প্রথম শ্রেণীর ১৯টি, দ্বিতীয় শ্রেণীর ৫২, তৃতীয় শ্রেণীর ৬৮ ও চতুর্থ শ্রেণীর ১৩টি পদ।
এত বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় একদিকে যেমন কাস্টমসের কাজের গতি কমে যাচ্ছে, তেমনি অনেক কর্মকর্তার ওপর বাড়তি চাপ পড়ছে। অতিরিক্ত কমিশনার না থাকার কারণে দুজন যুগ্ম কমিশনারকে তার কাজ করতে হচ্ছে।
বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৩৫০ ট্রাক মালপত্র আমদানি ও ২৫০ ট্রাক পণ্য রফতানি হয়। কাস্টমস কর্মকর্তাদের এ বিপুল পরিমাণ পণ্য খালাস করতে হয়। কাজের চাপের অজুহাতে কর্মকর্তারা আমদানি-রফতানিকারকদের হয়রানি করছেন বলে অভিযোগ করেন সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা। আবার অতিরিক্ত টাকা দিলে সব কাজই দ্রুত হয় বলেও জানান তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিঅ্যান্ডএফ এজেন্ট জানান, লোকবল সংকটের অজুহাতে কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা অতিরিক্ত টাকা আদায় করছেন। টাকা না দিলে সিঅ্যান্ডএফ প্রতিনিধির কাজ আটকে দেয়া হচ্ছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি সিরাজুল ইসলাম জানান, লোকবল সংকটের কারণে বেনাপোল কাস্টমসে গতি আসছে না। পণ্য খালাস বিলম্বিত হচ্ছে।
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও আমদানিকারক মিজানুর রহমান খান জানান, কতিপয় কাস্টমস কর্মকর্তা-কর্মচারী লোকবল সংকটের অজুহাতে পণ্য খালাস করতে দেরি করে। যদি শূন্য পদ পূরণ হয় তাহলে এ সমস্যা আর থাকবে না। কাস্টমস প্রশাসনেও কাজের গতি আসবে। সেই সঙ্গে দ্রুত পণ্য খালাস হবে। সরকার এখান থেকে প্রতি বছর অন্তত ৩ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে থাকে। তাই ব্যবসায়ীদের সুবিধার্থে বেনাপোল কাস্টমসে জনবল সংকট দূর করে কাজের গতি ফিরিয়ে আনতে সরকারের নজর দেয়া উচিত।
এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার ফাইজুর রহমান জানান, সম্প্রতি এনবিআর থেকে ভবিষ্যতের কথা ভেবে বেনাপোল কাস্টমসে পদের সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে যে লোকবল আছে তাতে কাজে কোনো সমস্যা হচ্ছে না। এমনকি পণ্য খালাসও দ্রুত হচ্ছে বলে তিনি দাবি করেন।
লোকবলসংকটে ব্যাহত হচ্ছে বেনাপোল বন্দরের কার্যক্রম
বিজনেসটাইমস২৪.কম, ০৬ মে, ২০১২:




