বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৩ মে :
মোটর সাইকেলসহ দেশের অটোমোবাইল শিল্পখাতের টেকসই উন্নয়নে অটোমোবাইল সেক্টর ডেভেল্পমেন্ট রোডম্যাপ প্রণয়ন করছে শিল্প মন্ত্রণালয়। চলতি বছরের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ ঘোষণা করা হবে।
রোববার শিল্পমন্ত্রণালয়ের শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া মোটর সাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসেম্বলার অ্যাসোসিয়েশনস্ অব বাংলাদেশ (এমএমএএবি) নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা জানান।
শিল্পমন্ত্রী বলেন, ‘এ রোডম্যাপে আগামী ১০ বছরের জন্য অটোমোবাইল শিল্পখাতের উন্নয়ন ও বিনিয়োগের জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকবে। এর আওতায় পরিকল্পিত অটোমোবাইল শিল্পখাত গড়ে তোলার জন্য সরকার উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেবে।’
বৈঠকে এমএমএএবি‘র নেতারা শিল্পমন্ত্রীকে জানান, মোটর সাইকেল উৎপাদন ও সংযোজন শিল্পে সেসরকারী পর্যায়ে বর্তমানে প্রায় দুই হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। পাশাপাশি এ শিল্পখাতে প্রায় পাঁচ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশে উৎপাদিত ও সংযোজিত মোটর সাইকেল বিদেশে রপ্তানির সুযোগ রয়েছে।
নেতৃবৃন্দ বৈঠকে আরো জানান, বর্তমান শুল্ক ও কর কাঠামোর কারণে এ শিল্প চ্যালেঞ্জের মুখে পড়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত এবং সংযোজিত মোটর সাইকেলের মধ্যে মোট শুল্ক ব্যবধান প্রায় শতকরা ৭০ ভাগ। এর পাশাপাশি বাজেটে সিকেডি মোটর সাইকেল আমদানির ক্ষেত্রে প্রতিবছর সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হচ্ছে।
সিকেডি আমদানি এবং স্থানীয়ভাবে উৎপাদিত মোটর সাইকেলের মধ্যে শুল্ক ব্যবধান শতকরা ৪০ ভাগ নির্ধারণের দাবি জানান। অটোমোবাইলখাতে সম্পূরক শিল্প প্রত্যাহারেরও দাবি জানান তারা।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, এমএমএএবি সভাপতি মতিউর রহমান, সহসভাপতি জে. একরাম হোসেন, কর্ণেল (অব:) হেলাল উদ্দীন, বিপ্লব কুমার রায়, কাজী ইমদাদ হোসেন, মোঃ মোস্তফা, মকসুমুল আজিম, মোরসেদ আলমসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।




