বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৩ মে :
কর্মচারীর অবসরকালীন পাওনা টাকা পরিশোধ না করায় আদালত অবমাননার অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার, সচিব আব্দুস সালাম ও বাজেট কর্মকর্তা আব্দুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সুপার ভাইজার আব্দুল জব্বারের দায়ের করা মামলায় রোববার রাজশাহী বিভাগীয় শ্রম আদালতের বিচারক আনসার আলী এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আব্দুল জব্বার চাকরি থেকে অবসর গ্রহণের পরও অবসর গ্রহণকালীন পাওনা টাকা না পেয়ে ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি সিটি করপোরেশনের বিরুদ্ধে শ্রম আদালতে মামলাটি দায়ের করেছিলেন।
মামলার রায়ে আব্দুল জব্বারের পাওনা টাকা পরিশোধের জন্য সিটি করপোরেশনকে নির্দেশ দেন আদালত। রায় অনুযায়ী টাকা না পরিশোধ করায় গত ১০ মে বিবাদীদের আদালতে হাজির হওয়ার নিদের্শ দেয়া হয়।
তারা হাজির না হওয়ায় আদালত আজ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরেয়ানা জারি করে।
এদিকে, সিটি করপোরেশনের সংযোগ শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ হাইকোর্টে গত ৯ এপ্রিল রিট পিটিশন ও শ্রম আপিল ট্রাইবুনালে আপিল দায়ের করে। আপিল শুনানিতে আদালত প্রকাশ্যভাবে সিটি করপোরেশনকে সময় প্রদান করে।
এরপরও আদালত বিবাদী পক্ষকে গ্রেপ্তারি ওয়ারেন্ট ইস্যু করায় সিটি করপোরেশন বিস্ময় প্রকাশ করছে বলে এতে জানানো হয়েছে।




