বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৭ মে :
আটকাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে মুক্তি দেয়া হয়।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
শাহজাহানের ব্যক্তিগত সহকারী দিদার জানান, কারাবন্দি অবস্থায় তাকে নতুন নতুন মামলায় বার বার গ্রেপ্তার দেখিয়ে জেলে আটক রাখার বিষয়ে তার আইনজীবীরা উচ্চ আদালতে একটি রিট পিটিশন করেন।
সেই পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় জামিনে মুক্তি এবং বিনা ওয়ারেন্ট ও সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম কেন্দ্রীয় করাগার সূত্রে জানা গেছে, জামিনের কাগজপত্র পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে শাহজাহান চৌধুরীকে চমেক হাসপাতাল থেকে মুক্তি দেয়া হয়েছে।
গত বছরের ১২ অক্টোবর হাইকোর্টের গেট থেকে শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে। এবং ৫৪ ধারায় কোর্টে চালান দেয়া হয় তাকে। তারপর থকেই বিভিন্ন মামলায় আটক ছিলেন জামায়াত নেতা শাহজাহান।




