বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৩ মে:
পুরান ঢাকার কোতোয়ালি থানার বাটা সিগন্যাল থেকে রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকালে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় জসিম নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। তবে ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি।
কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন খান বিজনেসটাইমসকে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামপুরের ব্যবসায়ী রফিকুল ইসলাম ৭ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যান।
বাটা সিগন্যালের কাছে পৌঁছলে ৩/৪জন ব্যক্তি তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা জসিম নামে এক ছিনতাইকারীকে আটক করে।
তিনি আরও জানান, ছিনতাই হওয়া টাকা উদ্ধারে কোতয়ালি থানা পুলিশের ৪টি টিম কাজ করছে। তবে আর কোনও আসামিকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।




