২০১২ সালের বাজেট অধিবেশন বসছে আগামী রোববার। এটি ২০১২ সালের নবম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন। বিকেল সাড়ে পাঁচটায় এ অধিবেশন শুরু হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, আগামী ৭ জুন ২০১২-১৩ অর্থবছরের বাজেট পেশ করা হবে। রোববার বিকেল সাড়ে চারটায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। তবে বাজেট অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা বেশ দীর্ঘ হয়।
এই অধিবেশনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের চতুর্থ বাজেট উত্থাপন ও পাস হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবম জাতীয় সংসদের বিগত তিনটি বাজেট অধিবেশনের শুরুর দিনে বিরোধী দলীয় সদস্যরা অধিবেশনে অনুপস্থিত ছিলেন। তারা তিনটি বাজেট বক্তৃতাই বর্জন করেন। এবারও এর পুনরাবৃত্তি হতে পারে।
বিরোধী দল বিএনপিসহ চারদলীয় জোট সংসদ অধিবেশনে যোগ দেওয়ার ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত জানায়নি।





