ভারতে পূর্ণাঙ্গ সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

বিজনেসটাইমস২৪.কম
, ১১ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১১ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল বলেছেন, তিনি ভারতে গিয়ে চলতি বছরেই টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজ খেলার ব্যাপারে আশাবাদী।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান এন শ্রীনিভাসান পূর্ণাঙ্গ সফরের ব্যাপারে তাকে আশস্ত করেছেন বলেও জানান বিসিবি সভাপতি।

শ্রীনিভাসানের বরাত দিয়ে মোস্তফা কামাল আরও বলেন, ‘আমরা জানি, আন্তর্জাতিক সূচির বাইরে ভারতের কিছুই করার নেই। বাংলাদেশ এখন পর্যন্ত যে ভারতে কোনো পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি, তা মাথায় আছে। তবে এ বিষয়টি যাতে হয় এজন্য উভয় দেশের ক্রিকেট বোর্ড কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এখন এটা ভারতের ওপর ছেড়ে দিয়েছি। আমরা এ বিষয়কে তাদের ওপর চাপিয়ে দিতে চাচ্ছি না।’

সম্প্রতি মোস্তফা কামাল বিসিবির নতুন স্পন্সর নিয়ে সাহারা গ্রুপের সাথে ভারতে এক বৈঠকে মিলিত হন। এরপর আইসিসির এক বৈঠকে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের পরেই মূলত বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল একটি ওয়েবসাইটকে ভারত সফরের ব্যাপারে জানান। অবশ্য ভারত চলতি বছরের সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের সাথে হোম সিরিজে ব্যস্ত থাকবে।

এরপর ২০১৩ সালের মার্চে ভারতে এসে খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সুতরাং এ সময়ের মধ্যে বাংলাদেশ কখন খেলার সুযোগ পাবে, তা সত্যিই দেখার বিষয়।

তবে কামাল আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি মাসে কুয়ালালামপুরে আইসিসির বার্ষিক কনফারেন্সে বিষয়টি নিয়ে তিনি চূড়ান্তভাবে ভারতকে প্রস্তাব দিবেন।

১৯৯০ সাল থেকে বাংলাদেশ ভারতে গিয়ে খেলেছে মাত্র ৯টি ম্যাচ, যেগুলোর সবই ছিল যৌথ সিরিজ। ২০০৬ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বাংলাদেশ। আর ভারত বাংলাদেশের সাথে এখন পর্যন্ত মোট ২২টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৫টি ওয়ানডে ও ৭টি টেস্ট রয়েছে।

তবে এখন পর্যন্ত প্রতিবেশী ভারতে গিয়ে পূর্ণাঙ্গ কোনো সিরিজ খেলার সৌভাগ্য হয়নি টাইগারদের।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*