বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১১ জুন
বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত বিজিএমসি’র অধীনস্থ মিলগুলো থেকে ১ লাখ ৩ হাজার ১৯১ মেট্রিক টন পাটজাত পণ্যসামগ্রী বিদেশে রফতানি করে প্রায় ৮৫৭ কোটি ২৭ লাখ টাকা আয় করেছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে আরো বলেন, বিজিএমসি’র পাটজাত পণ্য বিশ্বের প্রায় ৮০ থেকে ৯০টি দেশে রফতানি হয়ে থাকে। এর মধ্যে ভারত, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, কানাডা, আমেরিকা, ইরান, থাইল্যান্ড ও ভিয়েতনাম অন্যতম।
সরকারি দলের সদস্য মোঃ কবিরুল হকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের পাট উৎপাদন এলাকা চিহ্নিত করে ৪৪টি জেলার ২০০টি উপজেলা নির্ধারণ করে এডিবি’র অধীনে ‘উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পদ্ধতিতে পাট পচন’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে প্রতিবছর ২ লাখ চাষীর মাধ্যমে ৬০-৭০ লাখ মণ পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাটবীজের আমদানি নির্ভরতা হ্রাসের লক্ষ্যে উফশী পাটবীজ উৎপাদনে সয়ম্ভরতা অর্জনের জন্য তালিকাভুক্ত ৫০ হাজার চাষীর মাধ্যমে দেড় হাজার থেকে দুই হাজার মেট্রিক টন পাটবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।




