পরিবেশ বান্ধবের নামে লাখ লাখ টাকা জরিমানা

বিজনেসটাইমস২৪.কম
, ১৪ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৪ জুন :

পরিবেশ অধিদপ্তরের প্রতি অভিযোগে এনে শিল্পমালিকরা বলেছেন, ইটভাটা, স্টিলমিল ও প্লাস্টিক শিল্পসহ বিভিন্ন শিল্পকে পরিবেশবান্ধব করার নামে ১ লাখ থেকে সর্বোচ্চ ৪০ লাখ পর্যন্ত জরিমানা করা হচ্ছে। এ জরিমানা আদায়ে কোন রকম সময়ও দেয়া হচ্ছে না।

কোন কোন কারখানায় ইটিপি প্লান বাস্তবায়ন ৮০ শতাংশ হলেও সেখান থেকে জরিমানা আদায় করা হচ্ছে। জরিমানা আদায়ের পরিমাণ এতো বেশি যে ছোট ছোট শিল্পগুলো তা দিতে কখনোই সক্ষম নয়। উপায় না পেয়ে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে হচ্ছে।

আজ বৃহস্পতিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সম্মেলন কক্ষে আয়োজিত পরিবেশ সংক্রান্ত সমস্যা ও সমাধান শীর্ষক সেমিনারে উপস্থিত শিল্পমালিকরা এ অভিযোগ করেন।

এফবিসিসিআই আয়োজিত এ সেমিনারে সংগঠনের প্রথমসহ সভাপতি জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সানজিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম, বুয়েটের প্রফেসর ড. আমিনুল ইসলাম প্রমুখ।
পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ অস্বাভাবিক জরিমানা আদায়ের বিষয়টি অস্বীকার করে বলেন, যদি এমন কোন অভিযোগ আপনাদের সত্যিই থেকে থাকে প্রমাণসহ লিখিত অভিযোগ করবেন। এর ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী শিল্পমালিকদের জরিমানা আদায়ের নামে হয়রানি বন্ধের অভিযানের সময় একজন এফবিসিসিআই সদস্যকে সাথে নেয়ার  আশ্বাস দেন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*