বড়াইগ্রামের পল্লীতে আঙুর চাষ

বিজনেসটাইমস২৪.কম
, ১৬ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
নাটোর, ১৬ জুন:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নওদা-জোয়াড়ী গ্রামের আদর্শ কৃষক জামাল উদ্দিন আঙুর চাষ করে সফল হয়েছেন।এখন তাকে দেখে এই পল্লীর অনেকেই আঙুর চাষ শুরু করেছে।

তিন বছর আগে এনএটিপি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে বাড়ির আঙ্গীনায় টবে একটি আঙুরের চারা লাগিয়েছিলেন তিনি। প্রথম বছরই গাছে প্রায় ১০ কেজি আঙুর ধরে। তবে ততটা মিষ্টি হয়নি, হাল্কা টক মনে হতো।

তবে দ্বিতীয় বছর ভালোমত পরিচর্যা করায় ফলন এক মণ ছাড়িয়ে যায়। দ্বিতীয় বছর থেকে আঙুর আকারে যেমন বড় হয়েছে, তেমনি টক ভাব কেটে গিয়ে বেড়েছে মিষ্টতা। তৃতীয় বছর প্রায় তিন মণ আঙুর হয়।

গত বছর আত্মীয়-স্বজনদের দেয়ার পরও দু’মণ বিক্রি করে প্রায় ১৫ হাজার টাকা আয় করেন তিনি।

এ গাছের আঙুর জুনের শেষ দিকে পাকে। তখন বাজারে আঙুরের সরবরাহ কম থাকায় চাহিদাও বেশি থাকে। এ বছরও ফলন ৫ মণ ছাড়িয়ে যাবে।

কৃষক জামাল উদ্দিন জানান, তার আঙ্গিনায় গাছ দেখে অনেকেই আগ্রহ দেখাচ্ছে। তিনিও তাদের উৎসাহী করে তার গাছের কলম করে বিনা মূল্যে সরবরাহ করছেন।

তিনি আশা করেন আগামীতে কোনো প্রতিবেশীকে আঙুর কিনে খেতে হবে না। এ গাছের জাতটি ভালো, ফল টক হয় না। গাছের জন্য একটি টাল করে অন্যান্য গাছের মতো স্বাভাবিক সার ও কীটনাশক দিলেই চলে। বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন হয় না।

উপজেলা কৃষি কর্মকর্তা খয়ের উদ্দিন মোল্লা জানান, শখের বসে অনেকে বাড়িতেই আঙুর চাষ শুরু করেছেন। কৃষি অফিস বাণিজ্যিকভাবে আঙুর চাষ করার জন্য এলাকাবাসীকে উদ্বুদ্ধ করছে।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*