বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৮ জুন:
কাটরিনা কাইফ, বিদ্যা বালান, কারিনা কাপুরসহ বলিউডের প্রথম সারির প্রায় সব অভিনেত্রী আইটেম গানে অংশ নিলেও এখন পর্যন্ত কোন আইটেম গানে দেখা যায়নি প্রিয়াংকা চোপড়াকে।
দেরিতে হলেও অবশেষে আইটেম গানে অংশ নিতে সায় দিয়েছেন সাবেক এ বিশ্বসুন্দরী।
এ প্রসঙ্গে প্রিয়াংকার উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘এখন পর্যন্ত কোন আইটেম গান করিনি। কারণ, ভাল কোন গানের প্রস্তাব আমার কাছে আসেনি।
তবে সামনে ভাল মানের আইটেম গানে কাজের সুযোগ পেলে অবশ্যই হাত-ছাড়া করবো না’। ২২ জুন মুক্তি পাচ্ছে প্রিয়াংকা চোপড়া অভিনীত নতুন ছবি ‘তেরি মেরি কাহানি’।
প্রেমের গল্প নিয়ে নির্মিত এ ছবিটিতে প্রিয়াংকার বিপরীতে অভিনয় করেছেন শহিদ কাপুর। এ মুহূর্তে ছবিটির প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন এ জুটি।
এর আগে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘কামিনে’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শহিদ-প্রিয়াংকা।




