শুধু বৃহদাঙ্ক ঋণে পর্ষদের অনুমোদন লাগবে

বিজনেসটাইমস২৪.কম
, ১৮ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৮ জুন:

এখন থেকে কোনো সিন্ডিকেটেড ঋণ বা বিনিয়োগ প্রস্তাব ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদন বাধ্যতামূলক নয়।

তবে যে কোনো বৃহদাঙ্ক ঋণ বা বিনিয়োগ প্রস্তাবে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন বাধ্যতামূলক থাকছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

নিয়মানুযায়ী, কোনো আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণের পরিমাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মোট মূলধনের (পরিশোধিত মূলধন ও রিজার্ভ) ১৫ শতাংশ বা তদুর্ধ্ব হলে তা বৃহদাঙ্ক ঋণ বা লিজ হিসেবে গণ্য হয়।

আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের উপ-মহাব্যবস্থাপক একেএম আমজাদ হোসেন বলেন, সিন্ডিকেটেড ঋণ বা বিনিয়োগ প্রস্তাব সংক্রান্ত ঋণের চাহিদা সাধারণত ১৫ শতাংশের নিচে থাকে।

ফলে এরূপ ঋণ চাহিদা বৃহদাঙ্ক ঋণের মধ্যে পড়ে না। এজন্য আমরা সার্কুলারের মাধ্যমে সিন্ডিকেটেড ঋণের বিষয়টি বাদ দিয়ে কেবল বৃহদাঙ্ক ঋণের ক্ষেত্রেই পর্ষদের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা বহাল রেখে আলোচ্য ধারায় সংশোধন এনেছি।

প্রসঙ্গত, এ সার্কুলারের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়-দায়িত্ব সংক্রান্ত নীতিমালার ওপর বাংলাদেশ ব্যাংকের ২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর জারিকৃত সার্কুলারের ১(ঘ) এর ৩ নং উপধারায় সংশোধন এনেছে বাংলাদেশ ব্যাংক।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*