পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ: দ্রুত সমস্যা সমাধানে মন্ত্রিসভায় সিদ্ধান্ত

বিজনেসটাইমস২৪.কম
, ১৮ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৮ জুন:

তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ দ্রুত নিরসন করে কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুৃজান সুফিয়ানকে সমস্যা সমাধানের উপায় খুজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে অংশ নেয়া মন্ত্রিসভার একাধিক সদস্য সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিসভার বৈঠক সূত্রে জানা যায়, পোশাক শিল্পের চলমান সংকটে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রী। কিন্তু শ্রমিকদের কোনো প্রতিনিধি না থাকায় কার সঙ্গে এবং কিভাবে আলোচনা করা হবে এ নিয়ে বৈঠকে সংশয় প্রকাশ করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের প্রতি সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। সরকার ক্ষমতায় এসে তাদের মজুরি এক দফা বাড়িয়েছে। কিন্তু তারা প্রতিষ্ঠান ভাংচুর ও আগুন ধরাচ্ছে কেন?

পোশাক শ্রমিকদের কম দামে চাল দেয়ার সিদ্ধান্ত এখনও কেন কার্যকর হয়নি খাদ্যমন্ত্রীর কাছে তার ব্যাখ্যা চান প্রধানমন্ত্রী। খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, শিল্প মালিকরা কম দামে চাল বিতরণে আগ্রহী নয়। এ কারণে এটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রী শ্রমিকদের সুবিধার্থে ডিলার নিয়োগের মাধ্যমে চাল বিতরণের নির্দেশ দেন।

শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি শ্রমিক নেতা ছিলেন। দীর্ঘদিন শ্রমিকদের সঙ্গে রাজনীতি করেছেন। তাই আশুলিয়ায় গিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে এ সমস্যার সমাধান করুন।’

প্রতিবার শ্রমিক অসন্তোষে হা-মীম গ্রুপের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গত ১১ জুন সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ শুরু হয়। এর মধ্যে একদিন ছাড়া (১৫ জুন) গত শনিবার পর্যন্ত প্রতিদিনই আশুলিয়া এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অদ্ভুত পরিস্থিতিতে গত রোববার থেকে আশুলিয়ার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে পোশাক মালিকদের দুই সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়ার্স ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*