বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৮ জুন:
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ আবারও ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ৯ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
আজ সোমবার তা বেড়ে ১০ দশমিক ০১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রিজার্ভ বাড়ায় ডলারের বিপরীতে টাকা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী জানিয়েছেন, মে মাসের প্রথম দিকে আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ১০ বিলিয়ন ডলারের নীচে নেমে এসেছিল।
গত এক মাসে রেমিটেন্স বাড়ায় তা আবার ১০ বিলিয়ন ডলারের উপরে উঠেছে। বর্তমানের এই রিজার্ভ দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলেন তিনি।
উল্লেখ্য, বিদায়ী ২০১১-১২ অর্থবছরের শেষ মাস জুনের ১৫ তারিখ পর্যন্ত (১৫ দিনে) ৫৩ কোটি ৫০ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে। অর্থবছরের প্রথম ১১ মাসে অর্থ্যাত্ জুলাই-মে সময়ে ১১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছিল।
সব মিলিয়ে অর্থবছরের সাড়ে এগারো মাসে ১২ দশমিক ৪ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৯ শতাংশ বেশি। ২০১০-১১ অর্থবছরে ১১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল।




