বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৩ জুন:
বর্তমান সরকারের আমলে টানা লোকসানে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস ।
বিমানের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এখন অর্থসংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে চলতি মূলধনের অভাবে দৈনন্দিন কার্যক্রম চালানো মুশকিল হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, পর পর তিন বছর টানা লোকসান, বিপুল দেনা ও চলতি মূলধনের অভাবে বিমানের কার্যক্রম চালু রাখা এখন কঠিন হয়ে পড়েছে।
জানা যায়, ১৯৯০ সালের পর বিমানের লোকসানের প্রবণতা বেড়েছে। ১৯৯৫-৯৬ সাল থেকে গত ১৭ বছরে বিমান লাভের মুখ দেখেছে মাত্র চার বছর।
সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই বছর লাভ করেছিল বিমান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত তিন বছরে যথাক্রমে ১৫ কোটি, ৬৫ কোটি ও ১৯০ কোটি টাকা লোকসান দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন শেখ নাসের উদ্দিন বলেন, বিমানকে লাভজনক করতে তাঁরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। কিন্তু এ জন্য জরুরি ভিত্তিতে মূলধন দরকার অন্তত এক হাজার কোটি টাকা।
তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বিমানকে কঠিন অবস্থা মোকাবিলা করতে হয়েছে। এশিয়া ও ইউরোপের অনেক এয়ারলাইনস একই সংকটে পড়েছে।
প্রতিবেশী দেশ ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে বাঁচাতে ভারত সরকার ৩০ হাজার কোটি রুপি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। বাংলাদেশ বিমানের জন্য সরকারের আর্থিক সহায়তা দরকার।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন বলেন, এ মুহূর্তে বিমানকে দাঁড় করাতে প্রচুর আর্থিক সহায়তা দিতে হবে। নইলে বাণিজ্যিক পরিকল্পনা করা সম্ভব হবে না।




