ঢাকা-ইয়াঙ্গুন ফ্লাইট চালু করবে ইউনাইটেড এয়ারওয়েজ

বিজনেসটাইমস২৪.কম
, ২৩ জুন, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ২৩ জুন :

ঢাকা-ইয়াঙ্গুন রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ।

ফ্লাইট চালুর অনুমতি চেয়ে এরই মধ্যে সরকারের কাছে আবেদন করেছে এয়ারলাইনসটি।

দুই দেশের কর্তৃপক্ষ থেকে অনুমতি পেলে চলতি বছরই রুটটি চালু করা সম্ভব হবে। ইউনাইটেড এয়ারওয়েজ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাথমিকভাবে ঢাকা-ইয়াঙ্গুন রুটে সপ্তাহে

দু-তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ। ৬৬ আসনের প্রপেলার বেজড এটিআর উড়োজাহাজ দিয়ে ফ্লাইটগুলো পরিচালনা করা হবে। যাত্রী চাহিদা বাড়লে ভবিষ্যতে রুটটিতে বড় উড়োজাহাজ ব্যবহার করবে এয়ারলাইনসটি।

এ বিষয়ে ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবসা উন্নয়ন বিভাগের পরিচালক এবং কোম্পানি সচিব এটিএম নজরুল ইসলাম বলেন, ঢাকা-ইয়াঙ্গুন রুটটি চালুর ব্যাপারে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

সরকার থেকে অনুমতি পেলে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। পাশাপাশি ইয়াঙ্গুনে জিএসএ নিয়োগ দিতে হবে। সব কিছু মিলে কয়েক মাস সময় প্রয়োজন হবে।

ঢাকা-ইয়াঙ্গুন রুটে সরাসরি ফ্লাইট চালুর পাশাপাশি ঢাকা-ইয়াঙ্গুন-ব্যাংকক অথবা ঢাকা-ব্যাংকক-ইয়াঙ্গুন রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা করছে এয়ারলাইনসটি।

এ বিষয়ে এটিএম নজরুল ইসলাম বলেন, ঢাকা-ইয়াঙ্গুন রুটে এখনো খুব বেশি যাত্রী নেই। এ কারণে ভবিষ্যতে ব্যাংককে কানেকটিং ফ্লাইট দিয়ে রুটটি চালুর পরিকল্পনা রয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমতি পেলে কানেকটিংয়ে রুটটি চালু করা হবে।

২০০৬ সাল পর্যন্ত মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান চলাচল ছিল। বেশকিছু সীমাবদ্ধতা থাকার পরও ২০০৬ সাল পর্যন্ত এ রুটটিতে ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

কিন্তু লাভজনক না হওয়ায় ২০০৭ সালে এ রুটটি বন্ধ করে দেয় বিমান। বর্তমানে ঢাকা থেকে মিয়ানমার যেতে হলে ব্যাংকক, সিঙ্গাপুর অথবা কুয়ালালামপুর ঘুরে যেতে হয়।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*