বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৭ জুন:
বেসরকারি গ্রাহকদের জন্য ইসলামিক ব্যাংকিং সেবা চালু করতে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। মূলত দ্রুত সম্প্র্রসারণশীল বাজারে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে তারা। গত মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। খবর গালফ নিউজের।
ইসলামী শরিয়াহ অনুযায়ী বিনা সুদে আমানত হিসাব, সম্পত্তিতে অর্থায়ন, ইকুইটি, ইসলামিক বন্ড ও মিউচুয়াল ফান্ড সুবিধা দেয়া হবে বলে জানিয়েছে ব্যাংকটি।
আর্নেস্ট অ্যান্ড ইয়ংয়ের প্রকাশিত তথ্যের ভিত্তিতে ব্যাংকটি জানায়, প্রচলিত ব্যাংকিংয়ের তুলনায় ইসলামী ব্যাংকিং শিল্পের সম্পদ দ্বিগুণ হারে বেড়েছে।
২০১২ সালের শেষ নাগাদ এ সম্পদের পরিমাণ ১ লাখ ১০ হাজার কোটি ডলারে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে, যা ২০১০ সালের তুলনায় ৩৩ শতাংশ বেশি।
লন্ডনভিত্তিক ব্যাংকটি জানায়, গত পাঁচ বছরে প্রাইভেট ব্যাংকিংয়ে তাদের সম্পদ বেড়ে ৫ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। ২০১১ সালে তাদের আয় বেড়েছে ২১ শতাংশ।
স্ট্যান্ডার্ড চাটার্ডের ইউরোপ, মধ্যপ্রাচ্য, ভারত, আফ্রিকা ও আমেরিকা অঞ্চলের প্রাইভেট ব্যাংকিংয়ের প্রধান স্টিফেন ইভান বলেন, এত দিন ধরে ইসলামিক বিনিয়োগ পণ্যসেবার দিকে গুরুত্ব দেয়া হয়নি। বিশ্বে ১৬০ কোটি মুসলিম রয়েছে।
তাদের জন্য মাত্র ১৪ শতাংশ ব্যাংক রয়েছে, যারা ইসলামিক শরিয়াহ অনুযায়ী সেবা দিয়ে থাকে। ফলে এ শিল্পে পর্যাপ্ত সেবাপণ্যের অফারের অভাব রয়েছে। এ ছাড়া জিসিসি দেশগুলোয় ৫ লাখেরও বেশি ব্যক্তি রয়েছে, যাদের বিনিয়োগকৃত সম্পত্তির আর্থিক মূল্য ১ লাখ ৭০ হাজার কোটি ডলারের বেশি ।




