বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০১ জুলাই:
নিউইয়র্কের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ। শনিবার তার শ্বাস-প্রশ্বাসে সামান্য সমস্যা দেখা দেওয়ায় প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।
রোববার সকাল (বাংলাদেশ সময়) নাগাদ হুমায়ূন আহমেদের শ্বাসকষ্ট দূর হয়ে তার শারীরিক অবস্থার উন্নতি আশা করছেন চিকিৎসকরা।
‘ভয়ের কিছু নেই’ জানিয়ে তার চিকিৎসকরা আরো জানিয়েছেন, মাত্র ১০ দিনের ব্যবধানে দুই বার অস্ত্রোপচার হওয়ায় তার পূর্ণ সুস্থতার জন্য কিছুটা সময়ের প্রয়োজন।
চিকিৎসকরা আরো জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে উঠলে তাকে হয়তো আরো ২ থেকে ৪টি কেমোথেরাপি অথবা রেডিয়েশন দিতে হতে পারে।
হুমায়ূন আহমেদের সঙ্গে থাকা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানান, প্রথম দফা অস্ত্রোপচারের পর তার অস্ত্রোপচারের স্থলে ইনফেকশন হয়।
এরপরই তাকে বেলভ্যু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময়) ডা. শাহ এবং ডা. রীনার সহায়তায় সার্জন ডা. মোর আবার লেখকের অস্ত্রোপচার করেন। সেই থেকে আইসিইউতে রয়েছেন হুমায়ূন। তবে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের কারণে শারীরিকভাবে তিনি কিছুটা দুর্বল হয়ে পড়েন।
শনিবার সামান্য শ্বাসকষ্ট দেখা দিলে তাকে প্রয়োজনীয় ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।




