দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব: আবুল বারকাত

বিজনেসটাইমস২৪.কম
, ০৭ জুলাই, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৭ জুলাই :

বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাবি শিক্ষক ড. আবুল বারকাত বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পের ঋণচুক্তি বাতিল করেছে তাতে কোন সমস্যা নেই। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এ রকম তিনটি সেতু নির্মাণ করা সম্ভব।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিশ্বব্যাংকের পদ্মাসেতু চুক্তি বাতিলের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন,  আমাদের দেশের অর্থনীতি এখন আর ’৭২ কিংবা ’৭৩ সালের অবস্থানে নেই। আমাদের অর্থনীতি দিন দিন এগিয়ে যাচ্ছে। দেশের মোট রিজার্ভ থেকে ৫ শতাংশ, বীমা কোম্পানিগুলো থেকে ১০/১৫ হাজার কোটি টাকা, অপ্রদর্শিত অর্থ থেকে ৫ শতাংশসহ বিভিন্ন উৎস থেকে ৯৬ হাজার কোটি টাকা সংগ্রহ করে তিনটি পদ্মা সেতু নির্মাণ করা যাবে।

বিশ্বব্যাংকের সমালোচনা করে তিনি বলেন, এটি কোন আর্থিক প্রতিষ্ঠান নয়। এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। আইএমএফ এবং ব্যাংকের টাকায় কেউ কখনো উন্নতি লাভ করতে পারেনি। তারা পদ্মাসেতুতে কোনো অর্থ না দিয়েই বলছে, দুর্নীতি হয়েছে।

পদ্মাসেতু নির্মাণের জন্য অর্থ সংগ্রহের কমিটি, টেকনিক্যাল কমিটি গঠন করা হলে আগামী বছরের মাঝামাঝিতে পদ্মাসেতু নির্মাণ শুরু করা যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আওয়ামী সাংস্কৃতিক জোটের সভাপতি কবি মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক জলিলুর রহমান প্রমুখ।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*