শিল্পনগরীগুলোকে গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

বিজনেসটাইমস২৪.কম
, ১২ জুলাই, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১২ জুলাই :

দেশের শিল্পনগরীগুলোকে আরো গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিকের) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, যুক্তফ্রন্টের শিল্পমন্ত্রী থাকাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে স্থানীয় কাঁচামালভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে গ্রাম উন্নয়নের লক্ষ্যে বিসিক প্রতিষ্ঠা করেছিলেন।

শেখ হাসিনা তাঁর বক্তব্যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ক্ষুদ্র ও কুটির শিল্পের ওপর গুরুত্ব দেওয়া দেওয়ার কথা বলেন।

বিসিকের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণার আগে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুত্, তথ্য-প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছি।”

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশের ৭৪টি বিসিক শিল্পনগরীতে প্রায় সাড়ে ৪ লাখ লোক কাজ করছে। প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। বছরে প্রায় ২৯ হাজার কোটি টাকার পণ্য উত্পাদিত হচ্ছে। এর মধ্যে ১৭ হাজার কোটি টাকার পণ্য রফতানি হচ্ছে।
দেশকে আত্মনির্ভর করার ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, “আমরা চাই, দেশ এগিয়ে যাক। আর পরমুখাপেক্ষিতা নয়। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই।”

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিকের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
বিসিকের এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়’।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*