ঝিনাইদহের বাজারে নতুন পাট: কৃষকের মুখে হাসি

বিজনেসটাইমস২৪.কম
, ১৭ জুলাই, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঝিনাইদহ, ১৭ জুলাই :

জেলার বিভিন্ন হাটগুলোতে নতুন পাট উঠতে শুরু করেছে। গতবারের তুলনায় এবার কম জমিতে পাটের আবাদ হয়েছে। ফলন খুব ভাল না হলেও বাজারগুলোতে পাটের দাম ভাল থাকায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। পাটের মান ভেদে প্রতি মন ১৪শ’ টাকা থেকে ২২শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে চাঙ্গা হওয়া বাজারের স্থায়িত্ব নিয়েও কৃষকের মনে সংশয় রয়েছে।

কৃষি সমপ্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলায় ২১ হাজার ৬৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৯ শ’ ৩০, শৈলকুপা উপজেলায় ৮ হাজার ৩শ ৫০, কালিগঞ্জ উপজেলায় ১ হাজার ৫০, মহেশপুর উপজেলায় ৪ হাজার ৭শ ৭৫, কোর্টচাদপুর উপজেলায় ৬শ ৯০, হরিণাকুন্ডু উপজেলায় ৩ হাজার ২শ ৭০ হেক্টর জমিতে এবার পাটের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রা এবং গত বছরের তুলনায় বেশ কম। এবার ভরা বর্ষা মৌসুমে এ অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছে কৃষকেরা। সময়মত বৃষ্টির অভাবে ফলন কম হওয়ার পাশাপাশি পাট পচানোর সমস্যা দেখা দিয়েছে। মাঠে পাট কাটার উপযোগী হলেও পানির অভাবে পাট কাটছে না অনেক কৃষক।

শৈলকুপা উপজেলার বৃহত্তর লাঙ্গলবাঁধ পাটের বাজার ঘুরে দেখা যায় সেখানে নছিমন, আলমসাধুসহ বিভিন্ন যানবাহনে বাজারে নতুন পাট আসছে। পাটের মান ভেদে ১৪শ’ টাকা থেকে শুরু করে ২২শ’ টাকা পর্যন্ত বেচাকেনা হচ্ছে। শনিবার শৈলকুপা হাটে পর্যাপ্ত পাটের আমদানি দেখা যায়। শৈলকুপার বিভিন্ন গ্রাম থেকে আগাম পাট নিয়ে এসেছেন কৃষকরা।

কৃষকরা জানান, এ দাম কতদিন থাকবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। বাজারে পাট নিয়ে আসা অধিকাংশ কৃষক ভাল দামে পাট বিক্রি করেও বাজারের স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করে জানান গতবারও প্রথম দিকে একই ধরনের বাজার পরিস্থিতি থাকলেও পরবর্তীতে দাম পড়ে যায়। ফলে কৃষকরা ব্যাপকহারে ক্ষতির সম্মুখীন হয়। পরবর্তীতে বাজার কিছুটা চড়া হলেও সে সময় কৃষকের ঘরে পাট ছিল না। মধ্যসত্বভোগীরাই তার সুফল পেয়েছে।

বাজার ব্যবসায়ীরা জানান, মোকামে এখনো পাট কিনতে শুরু করেনি। পাট কেনা শুরু হলে ভাল পাটের দাম পাওয়া যাবে। বড় কোন বিপর্যয় না হলে এবারে পাটের পাটের দাম স্থায়িত্ব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*