বিজনেসটাইমস২৪.কম
টাঙ্গাইল, ১৮ জুলাই
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বিশ্বব্যাংকের পদ্মা সেতু ঋণ চুক্তি বাতিলে ড. ইউনূসের কোনো সম্পৃক্ততা নেই।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিষয়ে সমঝোতায় আসতে পারেনি এটা আমেরিকাকে হতাশ করেছে।
তিনি বলেন, বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণে জনগণের কাছে অর্থ সহায়তা চেয়েছে, জনগণই সকল ক্ষমতার উৎস এটা বিশ্বাস করি।
তিনি আরো বলেন, আগামীতে বড় রাজনৈতিক দলগুলো সংলাপে বসে গঠনমূলক আলোচনা ও সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটি আশা করি।
বুধবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর অরণখোলায় কমিউনিটি ফরেস্ট ওয়ার্কারদের সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক এম বজলুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় আঞ্চলিক বন সংরক্ষক জহির হোসেন খন্দকার ও জেলা বন কর্মকর্তা অসিত রঞ্জন পাল।
পরে টাঙ্গাইল বন বিভাগের আয়োজনে মন্ত্রী ও ডেন মজিনা কমিউনিটি বনরক্ষীদের সাথে এক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন।




