৪৫ বছর পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া ইঙ্গিত শচীনের!

বিজনেসটাইমস২৪.কম
, ২৮ জুলাই, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ২৮ জুলাই :

ক্রিকেটকে খুব সহসাই বিদায় জানানোর কোন ইচ্ছা নেই ভারতীয় ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারের। জীবনের বেশিরভাগ সময়ই  ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত জীবন্ত কিংবদন্তী ইঙ্গিত দিয়েছেন সম্ভব হলে ৪৫ বছর পর্যন্ত তিনি খেলা চালিয়ে যাবেন।

ক্রিকেট ছাড়ার পরে ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ৫-৬ বছর পরে কি করব সে সম্পর্কে এখনই কোন কিছু বলা কঠিন।

ক্রিকেটের বাইরে নিত্যনতুন গাড়ী নিয়ে যার ধ্যান-জ্ঞান সেই টেন্ডুলকার বিএমডব্লিউ ৩ সিরিজের একটি নতুন গাড়ী জনগণের সামনে উন্মুক্ত করার অনুষ্ঠানে গতকাল শুক্রবার উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সর্বকালের সেরা এই ব্যাটসম্যান বলেন, যখনই আমার মাথায় ক্রিকেট ছেড়ে দেবার চিন্তা আসে তখনই আমি মনোযোগ অন্য দিকে সড়ানোর চেষ্টা করি। জীবনের প্রতিটি মুহূর্ত আমি ক্রিকেট নিয়েই থাকতে চাই।

অন্য বিষয় বলতে বিভিন্ন সময়ে বিভিন্ন চিন্তা মাথায় আসলেও ক্রিকেটের বাইরে তিনি তার জীবনের আরেকটি ভালবাসা- গাড়ী নিয়েই স্বপ্ন দেখতে ভালবাসেন। ৬ বছর বয়স থেকেই গাড়ীর প্রতি তার এই নিবিড় ভালবাসা। নিত্যনতুন গাড়ী সম্পর্কে জানতে এবং সেগুলো চালাতেও পছন্দ করেন। আর তাইতো বিশ্বজুড়ে তার এই পছন্দের বিষয়টি মাথায় রেখে বিভিন্ন সময়ে নতুন গাড়ীর প্রোমোশন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়। সেরকমই এক অনুষ্ঠানে বিএমডব্লিউ ৩ সিরিজের গাড়ী সাধারণের জন্য উন্মুক্ত করতে ইংল্যান্ডে টেন্ডুলকারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর রেস ট্র্যাকে এই গাড়ী চালানোর অভিজ্ঞতা দুর্দান্ত বলে উল্লেখ করেছেন লিটল মাস্টার।

শচীনের জীবনে প্রথম গাড়ী ছিল মারুতি ৮০০। এরপর সেটা মারুতি ১০০০ এ পরিবর্তিত হয়। ২১ বছর বয়সে গাড়ীর প্রতি ভালবাসা থেকেই একটি ব্যবহূত বিএমডব্লিউ ৩২০ মডেলের গাড়ী কিনেছিলেন। এরই ধারাবাহিকতায় এখন পুরো পরিবারের জন্য তার কাছে একটি নতুন মডেলের ফেরারি গাড়ী রয়েছে। তবে ক্রিকেটকে বিদায় জানানোর পরে ষ্পোর্টস ম্যানেজমেন্ট, মোটর ষ্পোর্টস কিংবা ক্রিকেট প্রশাসনে কাজ করার বিষয়ে কোন ইঙ্গিত তার কাছ থেকে পাওয়া যায়নি।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*