বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ২৮ জুলাই :
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং বিভাগে মাস্টার্স কোর্স চালুর দাবিতে শনিবার দুপুরে খুলনা আযমখান সরকারি কমার্স কলেজে ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে শিক্ষার্থীরা।
এ সময় তারা কলেজের অধ্যক্ষকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে সকল একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। পরে বেলা ১টায় অধ্যক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
একই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি পেশ, সোমবার বেলা ১১টায় কলেজের সামনে মানববন্ধন এবং মঙ্গলবার কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৬ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স কোর্সে ভর্তির জন্য তারিখ ঘোষণা করে। সে অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ শনিবার সকাল ১০টায় মাস্টার্স ভর্তির নোটিস দেয়। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকি ও মার্কেটিং বিভাগে মাস্টার্স চালু না করে কলেজ কর্তৃপক্ষ ভর্তির তারিখ ঘোষণা করায় এই দুই বিভাগের শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে ওঠে।
তারা বিক্ষোভ মিছিল করে কলেজের সকল একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা মেরে দিয়ে অধ্যক্ষসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে তারা কলেজের আসবাপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বেলা ১টায় কলেজের অধ্যক্ষ মাস্টার্স চালুর ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি দল প্রেরণের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
এ ব্যাপারে আযমখান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার মোল্লা বলেন, ‘মাস্টার্স চালুর জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাগজ জমা দেওয়া হয়েছে। কেন এখনো মাস্টার্স চালু হচ্ছে না তা আমারও বোধগম্য নয়।’
তিনি বলেন, ‘ফিন্যান্স ও মার্কেটিংয়ের শিক্ষার্থীরা অনার্সে খুব ভালো ফল করেছে। এত মেধাবীদের শিক্ষাজীবন এভাবে ঝরে যাবে- এটি কোনোভাবেই কাম্য নয়। শিক্ষার্থীরা কিছুটা উত্তেজিত হয়ে উঠেছিল। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’




