বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ৩১ জুলাই:
বাংলাদেশ-নেপালের মধ্যে ফরেন অফিস কনসালটেশন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রসচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ স্মারকে স্বাক্ষর করেন। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ মিজারুল কায়েস ও নেপালের পক্ষে দুর্গাপ্রসাদ ভট্টরায় এ স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাক্ষরের আগে দু’দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কানেকটিভিটি, ট্যুরিজম, জলবায়ু পরিবর্তন, পিপল টু পিপল কানেক্ট, বিনিয়োগ, সার্ক, বিমসটেক, ও জাতিসংঘে কিভাবে একে অন্যকে সমর্থন করা যায়, সেসব বিষয়েও আলোচনা হয়েছে।
তাছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, ফলজখাদ্য আমদানি, তৈরি পোশাক রফতানি, টিস্যু, ইলেক্ট্রিক্যাল পণ্য রফতানি, ওষুধ ও নির্মাণ সামগ্রীর ওপর শুল্ক হার পাঁচ শতাংশে নামিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেপালের পররাষ্ট্রসচিব বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের জন্য নেপাল উদগ্রীব। নেপাল চায়, এ অঞ্চলের কানেকটিভিটির একটি অংশ হিসেবে এ দু’টি বন্দরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হোক। এ সমঝোতা স্মারকের ফলে দ্বিপক্ষীয়ভাবে যে আলোচনা ও সিদ্ধান্তগুলো উঠে আসবে তা আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে।
মিজারুল কায়েস বলেন, ‘‘আমরা নেপালকে জলবিদ্যুৎ খাতে সহযোগিতা করতে আগ্রহী। ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে একটি ওয়ার্কিং গ্রুপ মনোনীত হয়েছে। আমরা নেপালকে বলেছি, যতো দ্রুত সম্ভব তারাও একটি ওয়ার্কিং গ্রুপ মনোনয়ন দেবে। দুই পক্ষই যতো দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে, ততোই দুই দেশের লাভ হবে।’’




