বিজনেসটাইমস২৪.কম
ঢাকা,০৪ আগস্ট:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জনগণের ক্ষমতায়ন’(ইমপাওয়ারিং পিপল) শীর্ষক দু দিনের সম্মেলন আগামীকাল রোববার থেকে ঢাকায় শুরু হবে। জাতিসংঘে গৃহীত রেজুলেশন অনুযায়ী এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার সকালে হোটেল রূপসী বাংলায় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগত বক্তব্য রাখবেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। সূচনা বক্তৃতা করবেন ডা. দীপু মনি।
জাতিসংঘের ৬৬তম সাধারণ অধিবেশনের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জনগণের ক্ষমতায়ন’ তত্ত্ব তুলে ধরেন। প্রধানমন্ত্রী সমাজ-রাষ্ট্রের সাতটি বিশেষ উপাদানের আন্তঃসম্পর্কের ক্ষেত্রে বিশেষ তৎপরতার মাধ্যমে মানুষের আত্মউন্নয়ন, ক্ষমতায়ন ও স্থিতিশীল উন্নয়ন এবং শান্তি নিশ্চিত করার কথা বলেছেন।
শেখ হাসিনার উপস্থাপিত ওই তত্ত্ব জাতীয়-আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যাপক প্রশংসিত হয়। এই তত্ত্বে আরো বলা হয়- মানুষের আত্মউন্নয়ন হলে সে যে কোন ধরনের প্রতিকূলতা মোকাবেলা করতে পারে।
এ সম্মেলনে পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল বিশ্বের ৫৬ দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত এবং সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। ইতোমধ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন ২০টি দেশের প্রতিনিধিদের নিয়ে ‘জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক ঢাকা সম্মেলনে যোগ দিতে শুক্রবার নিউইয়র্ক ত্যাগ করেছেন।
তাঁর এই তত্ত্বের মূল দর্শন হচ্ছে- দরিদ্র ও দারিদ্র অভিগামীতা থেকে মানুষের মুক্তি নিশ্চিত করা গেলে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এতে সুস্পষ্টভাবে বলা হয়েছে রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন উন্নয়ন যাত্রাকে আরো সুদৃঢ় করতে পারে। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র শেখ হাসিনার দর্শনের সঙ্গে একমত পোষণ করে রেজুলেশন পাশ করে।
‘জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক ঢাকা সম্মেলনে ৭টি কর্ম অধিবেশনে বিভিন্ন দেশের আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিত বিবেচনায় ক্ষুধা ও দারিদ্র বিমোচন, বৈষম্য নিরসন, বঞ্চনা প্রতিরোধ, ব্যাপক কর্মসংস্থান, সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের বিশেষ নজরে আনা, মানব উন্নয়ন, সন্ত্রাস প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা ও অনুসিদ্ধান্ত গৃহীত হবে। প্রতিটি কর্ম অধিবেশনে একজন বিশেষজ্ঞ মূল প্রবন্ধ পাঠ করবেন।




