গাড়ি পোড়ানো মামলা : অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিশন

বিজনেসটাইমস২৪.কম
, ০৫ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৫ আগস্ট :

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে অভিযোগ গঠনের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন করা হয়েছে।

রোববার মির্জা ফখরুল ইসলাম ও এলডিপির সভাপতি অলি আহমদ পৃথক দুটি দরখাস্তের মাধ্যমে এ আবেদন করেন।

এরপর মহানগর দায়রা জজ জহুরুল হক শুনানি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। ৭ আগস্ট এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

গত ৩১ জুলাই এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে গত ২৯ এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের পর রাত নয়টা পাঁচ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানার পুলিশ মামলা করে।

গত ১০ মে ডিবি পুলিশ প্রথমে মির্জা ফখরুল ইসলামসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২৭ মে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল জব্বার ওরফে জসিমের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ।

এ মামলায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, জামায়াতের নেতা নুরুল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসাইন সাঈদী ও সাধারণ সম্পাদক আবদুল জব্বার পলাতক।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*