বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৫ আগস্ট :
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম গ্রহণে বাংলাদেশকে অর্থ সহায়তা দিবে ভারত। রোববার দুপুরে রাজধানীর হোটেল রূপসী বাংলায় পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের পল্লী উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ এ কথা জানান।
বৈঠকে স্থানীয় সরকার সংশ্লিষ্ট ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
এ ধরনের সহযোগিতার ক্ষেত্রে তথ্য-প্রযুক্তি সহায়তা অগ্রাধিকার পেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বিভিন্ন জলবায়ু ইস্যুতে আন্তর্জাতিক দর কষাকষিতে ভারত সব সময় বাংলাদেশের সাথে কণ্ঠ মিলিয়েছে।
একই সাথে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনসাধারণের দক্ষতা বৃদ্ধিতে ভারতের এই সহায়তার জন্য জয়রাম রমেশকে ধন্যবাদ জানান হাছান মাহমুদ।
এছাড়া পরিবেশবান্ধব অর্থনৈতিক কর্মকাণ্ডভিত্তিক সহায়তা সম্প্রসারণের জন্য দুদেশের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে খুব শিগগিরই ঢাকায় একটি কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
সুন্দরবন সংরক্ষণের জন্য বাংলাদেশ ও ভারত একসাথে কাজ করছে। এ বিষয়ে আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় জয়রাম রমেশ বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যসহ পরিবেশ মন্ত্রীকে সুন্দরবনের ভারতীয় অংশ সফরের আমন্ত্রণ জানান।




