শিরোনাম:

শনিবারও কাস্টম খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

বিজনেসটাইমস২৪.কম
, ০৭ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৭ আগস্ট :

চট্রগ্রাম বন্দর থেকে পণ্য আমদানিতে সপ্তাহের ছুটির দিন শনিবারও কাস্টম হাউজ খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

তারা জানান, বিশে^র সবদেশে সপ্তাহের সাত দিনেই কাস্টম খোলা থাকলেও বাংলাদেশে নেই। তাই উন্নত দেশ গুলোর তুলনায় বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক পিছিয়ে যাচ্ছে। তাই সরকার ও এনবিআর’র উচিত ব্যবসায়ীদের ক্ষতির কথা বিবেচনা করে শনিবারও কাস্টম হাউজগুলো খোলা রাখা।

আজ মঙ্গলবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত ‘শনিবার চট্টগ্রাম বন্দর থেকে পণ্য আমদানি ব্যবস্থা চালুতে বিজনেস ফ্যাসিলিটেশন ফান্ড গঠন’ শীর্ষক আলোচনা সভায় ব্যবসায়ীরা এ দাবি জানান।

জবাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ অতিরিক্ত টাকা না দিলে সপ্তাহের ছুটির দিন শনিবার এ সুবিধা দেয়া সস্বব নয় বলে জানান।

তিনি বলেন, বর্তমানে এনবিআর’এ লোকবল কম। তাই ব্যবসায়ীরা অতিরিক্ত টাকা দিতে সম্মত হলে শনিবার বন্দর খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। তবে চলতি বছরের ডিসেস্বর মাসের পরে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) নতুন লোকবল নিয়োগ দিলে এনবিআর নিজেরাই শনিবার কাস্টম খোলা রাখার ব্যবস্থা করতে পারবে বলেও জানান তিনি।

এফবিসিসিআই সভাপতি একে আজাদ এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএ সহ-সভাপতি মো. হাতেম, ট্যারিফ কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন, এনবিআর সদস্য মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন চেম্বার নেতারা বক্তব্য রাখেন। মহৃল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর’র চট্টগ্রাম কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার ড. মতিউর রহমান।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এ বিষয়ে এবিআরএ’র সঙ্গে পার্টনারশিপ করা সম্ভব। তবে কিছু সংখ্যক লোকের জন্য সব ব্যবসায়ীকে অর্থ ব্যয় করতে হবে। এছাড়া এর সঙ্গে আরও কিছু প্রতিষ্ঠান জড়িত রয়েছে, তারা না এলে এ সুবিধা দেওয়া সম্ভব হবে না। তিনি আরও বলেন সরকার ৩ ধাপে বিদ্যুতের দাম বাড়িয়েছে। আরও একবার বাড়ানোর চেষ্টা করছে। এতে শিল্পের উৎপাদন খরচ বাড়ছে এবং ক্রেতাদের চাহিদা পুরণে শিল্পের সক্ষমতা কমছে। ব্যবসায়ীদের এ ক্ষতিকর দিকগুলো বিবেচনা করলে শনিবারের বন্দর খোলা রাখলে  সরকারের যে ভতুকী দিতে হবে তা অতি নগণ্য।

বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহ-সভাপতি মো. হাতেম বলেন, বিমানবন্দরে শুক্রবার সুবিধা দেয়া সম্ভব হলে চট্রাগ্রাম কাস্টমসে সরকারের অর্থে কেন কাস্টম খোলা রাখা যাবে না। বিশে^র প্রায় সব দেশেই শুক্রবার ও শনিবার কাস্টম খোলা রাখা হয় জানিয়ে তিনি বলেন, যেহেতু চট্টগ্রাম কাস্টম থেকে একটি বড় অংকের রেভিনিউ আয় হয়, তাই শনিবার কাস্টম হাউজ খোলা রাখার জন্য আলাদাভাবে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নেয়াটাই যুক্তিযুক্ত।

আলোচনা সভার সভাপতির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, শনিবার একদিন যদি আমদানি খোলা রাখা সম্ভব হয় তাহলে ব্যবসায়ীদের অনেক উপকার হবে। যদিও সরকারিভাবে এ সুবিধা পাওয়ার চেষ্টা করা হয়, তাহলে হয়তো পাওয়া যাবে না। তারপরেও আমি এনবিআর চেয়ারম্যানের কাছে অনুরোধ জানাচ্ছি, তিনি যে ভাবেই হোক এ ব্যবস্থাটি যেন চালু করে দেন।

সভাশেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক কাস্টম কর্মকর্তা বলেন, মূলত মৌখিকভাবে সপ্তাহের প্রতিটা দিন কাস্টম হাউজ খোলা রাখা হয়। তবে মৌখিকভাবে খোলা রাখার কারণে ব্যবসায়ীদের দুই তৃতীয়াংশ টাকা অতিরিক্ত গুনতে হয়। এখন লিখিতভাবে ছুটির দিন খোলা রাখলে ব্যবসায়ীদের অতিরিক্ত এ টাকা গুনতে হবে না।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*