বিজনেসটাইমস২৪.কম
ঢাকা,০৮ আগস্ট:
দৈনিক আমাদের সময়ের মালিকানা নিয়ে নাঈমুল ইসলাম খানের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
এর ফলে পত্রিকাটির মালিকানা হারিয়েছেন তিনি।
বুধবার দুপুরে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ এ রায় দেন।
আদালতে নাঈমুল ইসলাম খানের পক্ষে ছিলেন ব্যারিস্টার আকতার ইমাম, ব্যারিস্টার রাসনা ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএসএম নাজমুল হক।
এছাড়া এসএম বক্স কল্লোলের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট আহসানুল করিম।
এ রায়ের ফলে প্রকাশক হিসেবে এসএম বক্স কল্লোলের আমাদের সময় প্রকাশ করতে আইনগত কোনো বাধা রইলো না বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
পত্রিকাটির বর্তমান মালিকপক্ষ জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবারই পত্রিকাটি সীমিত আকারে প্রকাশিত হবে। ঈদের আগেই বের হবে পূর্ণাঙ্গ কলেবরে।
প্রসঙ্গত, ব্যবসায়ী নূর আলীর পক্ষে আমাদের সময় প্রকাশ করেন এসএম বক্স কল্লোল। তবে পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন বিশিষ্ট সাংবাদিক নাঈমুল ইসলাম খান।
এদিকে দৈনিক আমাদের সময়ের প্রকাশক পরিবর্তন হওয়ায় হাইকোর্টের রায়ে নাইমুল ইসলাম খান বলেছেন, সমস্যার গুরুত্ব ও গভীরতা উপস্থাপন ও উপলব্ধিতে সকলে ব্যর্থ হয়েছি। তিনি এক বিবৃতিতে বলেন, অধিকার প্রতিষ্ঠার এই আইনী লড়াই অব্যাহত থাকবে।
বিবৃতিতে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেনের অপর একটি হাইকোর্টের বেঞ্চ কিছুদিন আগে মোটামুটি একই বিষয়ে সম্পূর্ণ বিপরীত বা ভিন্ন একটি রায় দিয়েছেন। হাইকোর্টের দুটি বেঞ্চে অন্তত একটি বিষয়ে প্রায় বিপরীতমুখী রায়ে আমি বিস্মিত।




