হজ ফ্লাইট সিডিউল প্রকাশ ১২ আগস্ট

বিজনেসটাইমস২৪.কম
, ০৮ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৮ আগস্ট :

চলতি বছর হজ ফ্লাইট সিডিউল (সূচি) আগামী ১২ আগস্ট প্রকাশ করা হবে। ওইদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স এবং সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের মনোনিত নাস এয়ার তাদের চূড়ান্ত ফ্লাইট সিডিউল বিমান মন্ত্রণালয়ে সরবরাহ করবে। মন্ত্রণালয় তা হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশকে (হাব) সরবরাহ করবে।

২০১২ সালের হজ সুষ্ঠু এবং নির্বিঘ্নে শেষ করতে মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বেসমারিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান সভায় সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, চলতি বছর হজ মৌসুমে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় দুই হাজার ৯৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ নয় হাজার ৬০৩ জন হজে যাবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের হজ পূর্ব ফ্লাইট আগামী ১৭ সেপ্টেম্বর শুরু করে ২২ অক্টোবর শেষ করবে। এছাড়া হজ পরবর্তী ফ্লাইট ১ নভেম্বর শুরু করে ২৯ নভেম্ব্বর শেষ করবে। সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স হজ পূর্ব ফ্লাইট ২১ সেপ্টেম্বর শুরু করে ২২ অক্টোবর শেষ করবে। তারা হজ পরবর্তী ফ্লাইট ৩০ অক্টোবর শুরু করে ৩০ নভেম্বর শেষ করবে বলেও সভায় জানানো হয়।

সভায় আরো সিদ্ধান্ত হয় যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট হজযাত্রীর অর্ধেক এবং সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ার বাকি অর্ধেক পরিবহন করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইজারা নেয়া একটি উড়োজাহাজ এবং নিজস্ব বহরে থাকা দুইটি ৭৭৭-৩০০ ইআর এবং দুটি ডিসি-১০ উড়োজাহাজের মাধ্যমে হজযাত্রী পরিবহণ করবে। সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ার তাদের নিজস্ব বহরে থাকা উড়োজাহাজের মাধ্যমে হজযাত্রী পরিবহণ করবে।

হজযাত্রী পরিবহণে যাতে কোনরূপ সমস্যার সৃষ্টি না হয় সেজন্য সকল এয়ারলাইন্সসমূহ প্রয়োজনীয় ব্যাকআপ উড়োজাহাজের ব্যবস্থা রাখবে।

সভায় আরো জানানো হয়, এ বছর প্রতি হজযাত্রী ৩০ কেজি মালামাল (লাগেজ) এবং পাঁচ কেজি ওজনের হ্যান্ড লাগেজ পরিবহণ করতে পারবেন। এর বেশি কোন মালামাল পরিবহণের অনুমতি দেয়া হবে না।

সৌদি কর্তৃপক্ষ হাজযাত্রী প্রতি ১০ লিটার পরিমাণ জমজমের পানির একটি ক্যান সরবরাহ করবে। ধর্ম  মন্ত্রণালয়ের প্রতিনিধির তত্ত্বাবধানে পানির এ ক্যানগুলো সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স এবং নাস এয়ারের নিকট সরবরাহ করবে।

এ বছর হজে বাংলাদেশ বিমান প্রতিদিন ১৮০০ জন হজযাত্রী পরিবহণ করবে। এছাড়া সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ার সিডিউল অনুসারে প্রতিদিন প্রয়োজনীয় সংখ্যক হজযাত্রী পরিবহণ করবে।

কোন তারিখে কোন ফ্লাইটে কতজন যাত্রী পরিবহণ করা হবে, তার একটি কর্মপরিকল্পনা হাব অতিসত্বর মন্ত্রণালয়ে দাখিল করবে।

সভায় জানানো হয়, এ বছর হজে প্রতিজন হজযাত্রী ছয় হাজার ৯০০ সৌদি রিয়াল সঙ্গে নিতে পারবেন। ফেরার সময় অতিরিক্ত সৌদি রিয়াল/অন্য কোন দেশের মুদ্রা থাকলে তা ঢাকা বিমানবন্দরে কাস্টম অফিসে নির্দিষ্ট ফরমে ঘোষণা দিতে হবে।

সভায় বিমান ও পর্যটন সচিব মোঃ আতাহারুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন, হজ অফিসার বজলুল হক বিশ্বাস, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসাদ্দেক হোসেন, হাব সভাপতি জামাল উদ্দিন আহমেদ, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের প্রতিনিধি, ন্যাশনাল এয়ার সার্ভিসের (নাস এয়ার)  প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*