বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ০৮ আগস্ট :
জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী মেহের আফরোজ শাওন ও প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান মাজহারুল ইসলামের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করা হয়েছে।
বুধবার মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন স্বয়ং বাদী নজরুল ইসলাম।
গত ১ অগাস্ট চট্টগ্রামের আদালতে ওই মামলাটি দায়ের করেন নজরুল ইসলাম। এতে তিনি অভিযোগ করেন, শাওন ও মাজহার অর্থ আত্মসাতের উদ্দেশ্যে পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে হুমায়ূন আহমেদকে হত্যা করেন।
মামলাটি আমলে নিয়ে আদালত চট্টগ্রাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছিল।
বাদীর কৌঁসুলি কামরুল জানান, ফৌজদারি কার্যবিধি ২৪৮ ধারা অনুযায়ী মামলাটি তুলে নেওয়ার আবেদন করা হয়। হুমায়ূন আহমেদের ভাই মুহম্মদ জাফর ইকবাল, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেশ কিছু সাংবাদিকের অনুরোধে মামলাটি প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।
গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ।




