বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১১ আগস্ট :
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করা হবে বলে আবারো আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ আশ্বাস দেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে সাম্যবাদী দল এ আলোচনা সভার আয়োজন করে।
সাহারা খাতুন বলেন, এর মধ্যে অনেক হত্যার ক্লু উদ্ঘাটন করা হয়েছে। সাগর-রুনির হত্যাকারীদেরও ধরা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই হত্যাকাণ্ডের ছয় মাস অতিবাহিত হয়েছে।
এর আগে আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো হত্যা বা হত্যা অপচেষ্টা হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা খুঁজে বের করে আইনের সামনে আনবে। কাউকে এ ব্যাপারে ছাড় দেয়া হবে না।
বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিদেশে পলাতক খুনিদেরও দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এসময় সাহারা খাতুন অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে। যতই ষড়যন্ত্র হোক, যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে।
সভায় অন্যদের মধ্যে দলের সাধারণ সম্পাদক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।




