সোনা অধরাই থেকে গেল ব্রাজিলের

বিজনেসটাইমস২৪.কম
, ১১ আগস্ট, ২০১২:

বিজনেসটাইমস২৪.কম
ডেস্ক, ১১ আগস্ট:

অলিম্পিকের ফুটবলে স্বর্ণপদক কল্পনার সোনার হরিণের মতো অধরাই থেকে গেল ব্রাজিলের। শনিবার লন্ডন অলিম্পিকের ফাইনালে অরিবি পেরেলটার জোড়া গোলে মেঙিকোর কাছে ২-১ ব্যবধানে হেরে রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ফুটবলের সর্বকালের সেরা দেশটিকে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ান ব্রাজিলের সাফল্যের খাতায় অলিম্পিক সোনার নাম এখনো ওঠেনি। লন্ডন অলিম্পকের ফাইনাল অব্দি সেই ব্যর্থতার ইতিহাসটাকে মুছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আসছিলেন ব্রাজিলের তরুণ তারকা নেইমার। কিন্তু মেঙিকোর বাধার প্রাচীরের সামনে পড়ে, তার সব প্রতিশ্রুতি ফানুসের মতো উড়ে গেছে।

ওয়েম্বলে স্টেডিয়ামে প্রথমবারের মতো ফাইনাল খেলতে নেমেই বাজিমাত করেছে মেঙিকানরা। খেলা শুরুর সাথে সাথে ফরোয়ার্ড পেরেলটার গোলে হতচকিত হয়ে পড়ে মাঠে থাকা ব্রাজিল খেলোয়াড়েরাসহ পুরো ফুটবল বিশ্ব। শুরুর সেই ধাক্কা কাটিয়ে আর ফিরতে পারে নি ব্রাজিল।

বেশির ভাগ সময় বল দখলে রাখলেও, চূড়ান্ত সাফল্য লাভে ব্যর্থ হয়েছে ব্রাজিলিয়ানরা। ৭৫ মিনিটে ব্রাজিলের জালে দ্বিতীয়বার বল পাঠিয়ে প্রথম ফাইনালেই মেঙিকোর সোনা জয় এক প্রকার নিশ্চিত করে দেন পেরেলটা।

২-০ ব্যবধানে এগিয়ে থেকেই নির্ধারিত সময় শেষ করে মেঙিকো। ইনজুরি টাইমের শুরুতেই বদলি খেলোয়াড় হাল্কের গোলে ব্যবধান কমায় ব্রাজিল। এর মিনিটখানেক পর সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন অস্কার। শেষবাঁশি যেন ব্রাজিলের স্বপ্নভঙ্গের যমদূত হয়ে হাজির হয়।

প্রায় দুই যুগ পর অলিম্পিক সোনার খুব কাছাকাছি গিয়েও, ধরতে ব্যর্থ হয় ব্রাজিল। ১৯৮৪ ও ৮৮ সালের মতো ২০১২ সালেও রূপা নিয়েই দেশে ফিরতে হচ্ছে নেইমারদের। নিজেদের মাটিতে আগামি অলিম্পিকে ব্যর্থতার বৃত্তটাকে ভাঙ্গতে পারার আশা করা ছাড়া, ব্রাজিলের আর কী-ই বা করার আছে!

Print Friendly

মন্তব্য প্রদান করুন

*


*