সুপ্রিয় সাহা
বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৩ আগস্ট:
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। আর এই খুশিকে আরো রাঙিয়ে তোলে ঈদের নতুন জামা কাপড়। ছোট বড় সকলের চাই ঈদে নতুন পোশাক।
আর মাত্র কিছুদিন পর ঈদ। এখন চলছে শেষ পর্যায়ের কেনাকাটা। ঠাঁই নেই কোথাও। বড় বড় শপিংমল থেকে শুরু করে রাস্তার ফুটপাতে চলছে কেনাকাটা।
নগরীর শপিংমল ঘুরে সেই চিত্র তুলে ধরেছে বিজনেসটাইমস২৪.কমের রিপোটার সুপ্রিয় সাহা।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। ঘুম নেই বিক্রেতাদেরও। পছন্দের জামা-জুতো-পাঞ্জাবি-গহনার খোঁজে শৌখিন তরুণ-তরুণীরা চষে বেড়াচ্ছেন বিভিন্ন বিক্রয়কেন্দ্রে।
নিউমার্কেট, বসুন্ধারা শপিংমল, ইস্টান প্লাজা, গুলসান ডিসিসি মার্কেট, সেজান পয়েন্ট সহ আরো অনেক বিপণিকেন্দ্র ও বুটিকশপগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঈদে বিদেশি পোশাকের সঙ্গে দেশি পোশাকের চলছে তীব্র প্রতিযোগিতা। এরমধ্যে গুণমান ও অপেক্ষাকৃত দাম কম হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ক্রেতারা দেশি পণ্যের দিকে ঝুঁকছেন।
বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি হওয়ায় এবার ঈদে শাড়ির চাহিদা সবচেয়ে বেশি। এবার ঈদে বাহারি কাজের দৃষ্টিনন্দন দেশি শাড়ি পাওয়া যাচ্ছে বিভিন্ন বিপণিবিতানে।
জামদানি শাড়ি সবচেয়ে বেশি বিক্রয় হচ্ছে এবার। বসুন্ধারা শপিংমল শাড়ী হাউজের বিক্রেতা জলিল খান বিজনেসটাইমস২৪.কমকে জানান, বিভিন্ন ডিজাইনের জামদানি ৩ হাজার থেকে ৩০ হাজার, মাককানিয়া ৪ হাজার থেকে ১৩ হাজার, অপেল সিল্ক ৬ হাজার ৫০০ থেকে ১৭ হাজার, কাজ করা শিপন ৫ হাজার থেকে ১০ হাজার, ধুপিয়ান ৫ হাজার ৫০০ থেকে ১৪ হাজার টাকা, জুট কাতান ৪ হাজার থেকে ৯ হাজার, মোগা কাতান ৩ হাজার ৫০০ থেকে ১৪ হাজার, টাকায় বিক্রি হচ্ছে।
এবার ঈদেও তরুণীদের পছন্দের তালিকার রয়েছে হিন্দি সিরিয়ালের জনপ্রিয় চরিত্রগুলোর নামে ত্রিপিসগুলো। এর মধ্যে রয়েছে ‘খুশি’ ‘ঝিলিক’ সহ আরো বিভিন্ন ত্রিপিস। এছাড়াও রয়েছে ফতুয়া, লেহেঙ্গা, টপস, স্কার্ট, জিনস ।
শিশু-কিশোর পোশাকের তালিকায় এবার সবার আগে আছে ‘ডোরিমন’। পোশাক থেকে শুরু কওে খেলনা গুলোও ডোরিমনের নামে চলছে।
শপিংমল ছাড়াও বিভিন্ন ব্রান্ডশপে রয়েছে কেনাকাটার ভিড়। এর তালিকায় রয়েছে দেশীদশ, আড়ং, অঞ্জনস, কে-ক্রাফট, রঙ সহ বিভিন্ন ব্রান্ড। এসব ব্রান্ডশপে রয়েছে নতুন নতুন ডিজাইনের পোশাক।
আড়ংয়ের এক আউটলেটে কথা বলে জানা যায় এবারের ঈদে পাঞ্জাবী সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও রয়েছে শাড়ি, থ্রিপিস, টপস, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, শিশুর পোশাক, বিছানার চাদর, পিলো, গৃহস্থালি সামগ্রী, শোপিস, লুঙ্গি, রুমাল, টুপিসহ রকমারি পণ্যসামগ্রী।
গরিব ও মধ্যবিত্তের প্রিয় নিউমার্কেট এখন ক্রেতার মিলন মেলা। গরিব ও মধ্যবিত্তের পাশাপাশি ধনীরাও এখানে একবার করে ঘুরে যান। প্যান্ট, শার্ট, টি-শার্ট থেকে শুরু করে গৃহস্থালিসামগ্রী সহ সব কিছুই পাওয়া যায় এখানে। তাই ধনী গরিব সহ সবাই আসেন এখানে। ছেলেদের চায়না প্যান্ট ৮০০ থেকে ২ হাজার, থাই প্যান্ট ১ হাজার ৫০০, চায়না শার্ট ৫০০ থেকে ১ হাজার ২০০, ‘বস’ টি-শার্ট ৯০০ টাকা, শর্ট পাঞ্জাবি ১ হাজার ২০০ টাকায় পাওয়া যাচ্ছে।
এলিফ্যান্ট রোডে সাধারণ পাঞ্জাবি ১০০০ থেকে ৫ হাজার, শর্ট পাঞ্জাবি ৭৫০ থেকে ২ হাজার ৫০০, রঙিন পাঞ্জাবি ১৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।




