বিজনেসটাইমস২৪.কম
ঢাকা, ১৫ আগস্ট:
নেপালের বাজারে প্রাণ গ্রুপ ও ওয়ালটনের পণ্য শিগগিরই শুল্কমুক্ত সুবিধা পেতে পারে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এম গোলাম হোসেইন আজ বিজনেসটাইমসকে এ কথা বলেন।
তিনি বলেন, আমরা নেপালের অনুরোধে কিছু পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা দেয়ার বিষয় বিবেচনা করছি। এ প্রেক্ষিতে আমরাও তাদের কাছে প্রাণ গ্রুপ ও ওয়ালটনের পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়েছি।
গোলাম হোসেইন বলেন, আমরা আমাদের ওষুধ এবং প্রাণের কৃষি প্রক্রিয়াজাত খাদ্য পণ্য এবং ওয়ালটনের রেফ্রিজেটর ও গৃহে ব্যবহৃত অন্যান্য ইলেক্ট্রনিক্স পণ্যের বাজার সুবিধা দেয়ার জন্য নেপালকে প্রস্তাব দিয়েছি।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে সদ্য অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠকে যোগদান শেষে দেশে ফেরা বাণিজ্য সচিব বলেন, নেপাল বাংলাদেশকে তাদের ১৪৫ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয়ার অনুরোধ করেছে।
তিনি বলেন, শুল্কমুক্ত সুবিধা হতে হবে পারস্পরিক। এটি কেবলমাত্র সাফটার আওতায় দেয়া যেতে পারে।
ওয়ালটনের নির্বাহী পরিচালক (মার্কেটিং) এম এম দাদ সরকার শুল্কমুক্ত সুবিধার ব্যবস্থা করতে মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমরা নেপালে পণ্য রফতানি করতে পারলে তা ওয়ালটন এবং দেশের অর্থনীতির জন্যও ভাল হবে।
বর্তমানে প্রাণ গ্রুপ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে কৃষি প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রফতানি করছে।




