সম্পূর্ণ বাকীতে ব্যবসা করায় ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দু’টি শাখার ব্যবস্থাপকদের জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ সুত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আইডিআরএ’র একটি পরিদর্শন দল গত ১৬ই জুলাই ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর খুলনা শাখা এবং ২৪শে এপ্রিল খাতুনগঞ্জ শাখা পরিদর্শন করে। পরিদর্শনকালে তাদের মানি রিসিপ্ট, ডিপোজিট স্লিপ এবং ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষান্তে সম্পূর্ণ বাকী ব্যবসার প্রমাণ পায়। এই আইন লংঘনের জন্য গতকাল বৃহস্পতিবার আইডিআরএ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে আইডিআরএ’র ৪ জন সদস্য নব গোপাল বণিক, মো. নূরুল ইসলাম মোল্লা, মো. ফজলুল করিম এবং ছাঈদ আহমেদ খান উপস্থিত ছিলেন। এছাড়া শুনানিতে ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও শাখা দু’টির ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
শুনানি শেষে ফেডারেল ইন্স্যুরেন্সের খুলনা শাখা এবং খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপকদ্বয়কে ব্যক্তিগতভাবে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের লংঘন হলে কঠোরতর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়।




